সামরিক শাসনের বিরুদ্ধে মিসরজুড়ে বিক্ষোভ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
গত শুক্রবার জুমা নামাজ শেষে হাজার হাজার মানুষ সেনা শাসনের প্রতিবাদে মিসরের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে। রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া ও দামিত্তা শহরে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় ৩ বিক্ষোভকারী নিহত হয়েছে। অন্তত ৪টি শহরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে। তারা মিসরের পতাকা হাতে সামরিক শাসনের রুিদ্ধে শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কায়রো থেকে মাদি শহরে যায়। তাদের অনেকের হাতেই ছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির ছবি। দু’-একটি ছাড়া বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তান্তা শহরে আন্দোলনকারীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ বেধে গেলে পুলিশ টিয়ার গ্যাস ব্যাবহার করে। আলেকজান্দ্রিয়া শহরের প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় মুসলিম ব্রাদারহুড কর্মীদের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ হয়। মুসলিম ব্রাদারহুড শুক্রবারের বিক্ষোভকে বিপ্লব রক্ষার আন্দোলন নামে অভিহিত করেছে। আগস্টের মাঝামাঝি সহস্রাধিক আন্দোলনকারীর মৃত্যুর পর মিসরে আন্দেলন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। শুক্রবার মোট ৭৮ জনকে গ্রেফতার করা হয়। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এ পর্যন্ত প্রায় ২ হাজার মুসলিম ব্রাদারহুড কর্মীকে গ্রেফতার করা হয়েছে।