উপকূলে এখন চলছে আমন আবাদের মৌসুম। মাঠে কৃষক এখন ব্যস্ত। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত বৈরী আবহাওয়া ও বীজতলা মাঠে জলাবদ্ধতার কারণে আমনের চারা নষ্ট হয়ে গেছে। একদিকে কৃষকের আমন বীজের সংকট অন্যদিকে পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার বিক্রয়ের ভাসমান বাজার। কাউখালী শহরের দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর কাছে সন্ধ্যা নদীর পাড়ে সপ্তাহের শুক্রবার ও সোমবার বসছে আমন চারার হাট। উপকূল জুড়ে আমন বীজের সংকট মোকাবেলায় বিপন্ন কৃষক ছুটছেন কাউখালীর ওই ভাসমান চারার হাটে। শুক্রবার আমন মৌসুমের বীজ বিক্রয়ের এ হাটে ১৫ লাখ টাকার আমন চারা বিক্রি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাউখালী অঞ্চলের মাঠ অন্য অঞ্চলের তুলনায় অনেক উঁচু। ফলে জলাবদ্ধতাও কম। কৃষকরা বীজতলা করে সফলতার মুখ দেখছেন। এখানে যুগ যুগ ধরে ধান বীজ বিক্রয়ের বাণিজ্যিক বাজার গড়ে উঠছে। কাউখালী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুশিয়েল আলম রিয়াজ বলেন, এবার উপকূলীয় অঞ্চলে আমন চারার সংকট চলছে। তবে কাউখালীতে এ সংকট নেই।
