১৬ বছরেও সেতুটি কাজে আসেনি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের একটি খালের ওপর নির্মিত সেতু ১৬ বছরেও এলাকার জনগণের কোন কাজে আসছে না। জনগণের চলাচলের রাস্তা নির্মাণ না করে সরকারি টাকা খরচ করে সেতুটি কেন বা কার স্বার্থে নির্মাণ করা হয়েছে এ নিয়েও স্থানীয় এলাকাবাসীর মাঝে প্রশ্ন ওঠেছে। জানা যায়, ১৯৯৬ সালে ৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্বচন্ডিপুর গ্রামের খালের ওপর এ সেতুটি। সেতুটির দুই পার্শ্বে মাটি ভরাট করে চলাচলের উপযোগী না করায় দীর্ঘ ১৬ বছর যাবত্ তা স্থানীয় এলাকাবাসীর কোন কাজে আসছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুঁইয়া জানান, ‘রাস্তা করার উদ্দেশ্যে সেতুটি নির্মাণ করা হলেও পরবর্তীতে রাস্তা না হওয়ায় সেতুটি জনগণের কোন কাজে আসেনি।