আয়াক্স আমস্টারডাম ডাচ লিগ কাপ জয়ের পর এবার ঘরোয়া লিগ এরেডিভিসিও জিতেছে। বুধবার লিগের শেষ রাউন্ডে ডি গ্রাফশাপকে ৪-১ গোলে হারিয়ে পাঁচ বছর পর লিগ জয় নিশ্চিত করে দলটি।
আগের রাউন্ডে পয়েন্ট তালিকার চতুর্থ দল এজে আল্কমারের কাছে নিকটতম প্রতিদ্বন্দ্বী পিএসভি আইন্দহোভেনের হারই মূলত শিরোপা জয় নিশ্চিত করেছিলো আয়াক্সের। এই হারটির ফলে শিরোপা ধরে রাখতে শেষ রাউন্ডে পিএসভিকে আয়াক্সের হার তো কামনা করতে হতোই, নিজেদেরও জিততে হতো কমপক্ষে ১৫ গোলের ব্যবধানে!
শেষ রাউন্ডে গত বুধবার প্রতিপক্ষের মাঠে লাস শোনে, নিকোলাস টাগ্লিয়াফিকোর লক্ষ্যভেদ ও দুসান তাদিচের জোড়া গোলে ভর করে গ্রাফশাপকে হারিয়ে শিরোপা জয়ের পথে সব ‘অনিশ্চয়তা’কে উড়িয়ে দেয় আয়াক্স।
আয়াক্স ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা চারটি লিগ জিতে ডাচ ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও এরপর যেন লিগ জিততেই ভুলে গিয়েছিলো। শেষমেশ পাঁচ বছর পর শিরোপা-খরা ঘোচায় দলটি।
এমন উপলক্ষে ক্লাবটি তাদের এই জয় উত্সর্গ করেছে সাবেক খেলোয়াড় আবদেলহাক নৌরিকে। ২০১৭ সালে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে মস্তিষ্কে স্থায়ী ক্ষতির সম্মুখীন হন এই তরুণ খেলোয়াড়।
শিরোপা জয়ের পর নৌরির নামসংবলিত একটি টি-শার্ট পরে উদযাপন করেন আয়াক্স খেলোয়াড়রা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘নৌরি সবসময়ই আমাদের সঙ্গে আছে। তার সঙ্গে যা ঘটেছিলো তা ভয়ংকর। দলটা তার জন্য পরিবারের মতো ছিলো, ফলে তা এখানের সবাইকে দারুণভাবে আঘাত করেছিলো।’
