ওমানে কর্মরত এক বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। দাবি পূরণ না হলে ঐ শ্রমিককে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। অপহূত শ্রমিক ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার জগত্সার গ্রামের মলাই মিয়ার পুত্র। এদিকে পুত্র অপহরণ করার খবর পেয়ে তার পিতাসহ পরিবার-পরিজন উদ্বেগ আর উত্কণ্ঠায় দিনাতিপাত করছে। পুত্রকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করতে মলাই মিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্নস্থানে ধর্ণা দিচ্ছেন। জানা গেছে, ইকবাল হোসেন ২০১১ সালের অক্টোবর মাসে শ্রমিক হিসেবে ওমান যায়। সে ওমানের আলিক এলাকায় ২ বছর যাবত্ কর্মরত ছিল। চলতি বছরের ২৪ আগস্ট ৭/৮ জন অপহরণকারী তাকে কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যায়। ২৫ আগস্ট মোবাইল ফোনে ব্রাহ্মণবাড়িয়ায় ইকবালের পিতার কাছে ফোন আসে। ফোনে জানান হয় অপহরণকারীরা পাকিস্তানী এবং ইকবালকে মুক্ত করতে হলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
