কাঠালিয়ায় পুলিশের আঘাতে বৃদ্ধার মৃত্যু !

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশ লাথি মেরে দরজা খোলার সময় দরজার আঘাতে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যায়। তিনি হলেন, মৃত চুন্নু তালুকদারের স্ত্রী আনজেরা খাতুন (৭০)। শুক্রবার গভীর রাতে কাঠালিয়া থানার এসআই মেহেদী হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য মৃত বৃদ্ধার মেঝ ছেলে আমীর হোসেনকে (৪২) গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। এসময় আমীর হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে একই ঘরে থাকা আমীরের ভাই শিক্ষক ইমাম হোসেন জানান, আমীর হোসেন তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগমের যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল বলে পুলিশ দাবি করে। তাই পুলিশ পরিচয়ে গভীর রাতে দরজা খুলতে বলায় ডাকাত সন্দেহে আমরা ভীত হই। এতে দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা লাথি মেরে প্রথম বারান্দার দরজা খুলে ফেলে। এরপর ঘরের দরজায় লাথি মারলে খিল ছুটে দরজার আঘাতে মা আনজেরা খাতুন সেখানে মারা যান। এ মৃত্যুর কারণ সম্পর্কে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জেল হোসেন বলেন, বৃদ্ধার বয়স বেশি হওয়ায় ছেলের গ্রেফতারের খবর শুনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। তবে লাশ ময়না তদন্তে পাঠানোর পর রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার পর শনিবার অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার ও উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।