আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা আসন্ন গ্রীষ্মকালীন দলবদলেই জুভেন্তাস ছাড়তে পারেন বলে জানিয়েছেন তার ভাই গুস্তাভো। ২০১৪-১৫ মৌসুমে তুরিনের দলটিতে যোগদানের পর অপরিহার্য অংশ হয়ে পড়া দিবালা গেল মৌসুমে খেলেছেন মাত্র ২২ ম্যাচ। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন মাত্র ৫ গোল। এমন দুঃসময়কে পেছনে ফেলতেই দল ছাড়তে পারেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডটির ভাই। তিনি বলেন, ‘তুরিন ছাড়তে পারে পাওলো, তার একটা পরিবর্তন দরকার। ইতালিতে সে দারুণ স্বচ্ছন্দে ছিলো; কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে।’ তবে এতে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোনো হাত দেখছেন না তিনি, ‘রোনালদোর সঙ্গে মাঠের বাইরে কোনো সমস্যা নেই। তবে সমস্যাটা হচ্ছে মাঠে। পাওলো এখনো তরুণ, তার খেলা প্রয়োজন।’
