বরিশাল, গলাচিপা, মিঠাপুকুর, গোবিন্দগঞ্জ, বরগুনাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বরিশাল
নগরীর ভাটিখানায় গত শুক্রবার দুপুরে নেশার টাকা না পেয়ে সমীর দেবনাথ (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সমীর ভাটিখানার লম্বা দালান সংলগ্ন কালাচান দেবনাথের পুত্র। পুলিশ তার লাশ উদ্ধার করে গত শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপার ছোটশিবা গ্রামে গত শুক্রবার মিনারা বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মিনারা বেগমের বাড়িতে ওরস অনুষ্ঠিত হয়। ওরস শেষে রাতে স্বামী কালাম দালালের সাথে ঘরের বারান্দায় ঘুমায়। কালাম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে মিনারাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। মিনারার বাবার বাড়ি চর আগস্তি খবর দেয়া হয়। বাবার বাড়ির লোকজন মিনারার লাশ দাফনের সময় তার গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়ায় গত শুক্রবার দুপুরে খালেক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন দাবি করেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শুক্রবার প্রেমের কারণে মশিউর রহমান বাবু (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের জাহিদুল ইসলামের পুত্র। থানা পুলিশ একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদী জানান, লাশের শরীরে কাদা লাগানো ছিল এবং ফাঁসের দাগটিও সন্দেহজনক।
বরগুনা (দক্ষিণ)
বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নে প্রেমে ব্যর্থ হয়ে মো. সুজন (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। সে পরীরখাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হলে সে রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ ও বাকৃবি
বখাটের ইটের আঘাতে মাথা ও মুখ থেঁতলে যাওয়ার ৫ দিন পর গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসারি আখতার স্বর্ণা (২০)। বাকৃবি বোটানিক্যাল গার্ডেনে গত রবিবার এক বন্ধুর সাথে স্বর্ণা বেড়াতে গেলে তার সাবেক প্রেমিক আব্দুস সামাদ ওরফে রাজু তাকে এক কর্নারে ডেকে নিয়ে ইট দিয়ে মাথা ও মুখ থেঁতলে পালিয়ে যায়। স্বর্ণাকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সে মারা যায়।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর-কামারপাড়া গ্রামে গত শুক্রবার আগুনে পুড়ে তমা আদিত্য (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বছর পাঁচেক আগে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সমুপাড়া গ্রামের তমা আদিত্যর সঙ্গে কাতিয়ারচর-কামারপাড়া গ্রামের ঝুটন বিশ্বাসের বিয়ে হয়। তমা গুরুদয়াল সরকারি কলেজের ডিগ্রীর ছাত্রী ছিলেন। আদিত্যের মায়ের দাবি, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করা হতো। শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন করে তার শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। তাকে প্রথমে জেলা সদর আধুনিক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়া
বগুড়ার শাজাহানপুরে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের হাতে মকবুল হোসেন (৫০) নামের এক দিনমজুর খুন হয়েছেন। সে মধ্যপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। রাণীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঁথিয়া (পাবনা)
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় গতকাল শনিবার সকালে রাজ্জাক (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। সে ভুলবাড়িয়া ইউনিয়নের বরইবাড়িয়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গাছের ডালে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
