গাজীপুরে ব্যবসায়ীকে গুলি ও শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
গাজীপুর শহরে গতকাল শনিবার পৃথক ঘটনায় এক ডিস ব্যবসায়ী ও এক নারী গার্মেন্টস শ্রমিক খুন হয়েছেন। সকালে বারবৈকা এলাকায় শাহাদাত হোসেন নামের ঐ ডিস ব্যবসায়ীকে গুলিতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এদিকে আমবাগ এলাকায় মাহফুজা আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক খুন হয়েছেন। পুলিশ জানায়, শাহাদাত(২৮) রাহাত ক্যাবল নেটওয়ার্কের মালিক। বাড়ির কাছেই প্রতিপক্ষের যুবকরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুলি করে। নিহতের দুই ভাই দেলোয়ার ও রিপন এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। স্বজনরা তিন ভাইকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শাহাদাত ও দেলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুরে শাহাদাত মারা যায়। অপরদিকে নগরীর আমবাগ এলাকায় ভাড়া বাসায় খুন হয়েছেন গার্মেন্টস শ্রমিক মাহফুজা আক্তার (২৫)। ঘটনার পর থেকে মাহফুজার স্বামী মফিজ উদ্দিন পলাতক রয়েছে। পুলিশ জানায়, মাহফুজার গলায় শক্ত করে উড়না পেঁচানো ছিল। তার দুইহাত ও পা ভেঙ্গে ফেলা হয়েছে। নবজাতকের লাশ উদ্ধার গাজীপুর জেলা শহরের মোশারফ টাওয়ারের পেছনের একটি ডোবা থেকে শনিবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি পলিথিনে মোড়ানো ছিল।