মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আবার লঞ্চ ধর্মঘট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
৩১ লঞ্চের রুট পারমিট পুনর্বহালের দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটে শনিবার বিকাল ৫টা থেকে আবার লঞ্চ ধর্মঘট শুরু হয়েছে। এর আগে এই রুটে নতুন একটি লঞ্চ প্রবেশকে কেন্দ্র করে ১১ দিন বন্ধ থাকার পর ২ সেপ্টেম্বর লঞ্চ চলাচল শুরু হয়েছিল। কিন্তু চালুর পাঁচ দিনের মাথায় আবার লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছে দুর্ভোগে। যাত্রী পরিবহন সংস্থা ও মাওয়া জোনের সহ-সভাপতি লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন খান জানান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার সামসুদ্দোহার সাথে রবিবার রাতে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১টি লঞ্চের রুটপারমিট বাতিল সিদ্ধান্ত শিথিল করার সিদ্ধান্ত হয়। কিন্তু বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর ৩১টি লঞ্চ চলতে বাধার সৃষ্টি করে। এর প্রতিবাদে এবং রুটপারমিট পুনর্বহালের দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার সামসুদ্দোহা জানান, সার্ভে করে যেগুলোতে ত্রুটি দেখা গেছে তা নিরসনের জন্য বলা হয়েছে লঞ্চ মালিকদের। জানমালের স্বার্থে এসব ত্রুটি দূর করেই রুট পারমিট বহাল করা হবে। সিদ্ধান্তটি ২/১ দিনের মধ্যেই সমাধান করা হবে।