প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকে সমর্থন মনমোহনের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
ভারতে আগামী বছর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাশিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে গতকাল শনিবার দেশে ফিরে তিনি একথা বলেন। মনমোহন বলেন, রাহুলের নেতৃত্বে দলের কাজ করে যেতে তার আপত্তি নেই। তিনি বরং খুশিই হবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ৮০ বছর বয়সী মনমোহন গতকাল রাশিয়া থেকে দিল্লিতে ফিরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তৃতীয়বার একই চেয়ারে বসার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সোনিয়া গান্ধী তনয় রাহুল গান্ধীর প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর রাহুলই হবেন প্রধানমন্ত্রী পদে সবচে আদর্শ প্রার্থী। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সাথে আবার জোট গড়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে স্থায়ী শত্রু কিংবা স্থায়ী মিত্র বলে কিছু নেই। তাই আমি এমন কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছি না।