আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল মালালা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
পাকিস্তানের বহুল আলোচিত কিশোরী মালালা ইউসুফজাই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৩ পেয়েছে। সুইজারল্যান্ডের হেগ শহরে শুক্রবার এই পুরস্কার গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সে। মালালা বলে, গত বছরে তার মাথায় তালেবান গুলি করায় সে লড়াই চালিয়ে যেতে আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। খবর এপির। অনুষ্ঠানে পাকিস্তানি সাহসী কিশোরী মালালা বলে, ‘আমি সহিংসতার একটি লক্ষ্যবস্তু ছিলাম মাত্র। এখন অনেকের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারি।’ এ অনুষ্ঠানে ২০১১ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত ইয়েমেনি সাংবাদিক তাওয়াক্কল কারমানের কাছ থেকে মালালা পুরস্কার গ্রহণ করে। মালালার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় কারমান বলেন, ‘তুমি আমার হিরো। মেয়েদেরকে কেউই শিক্ষাগ্রহণ থেকে বিরত রাখতে পারবে না। তুমি যখন তোমার দেশে ইতিহাসের মাইলফলক তৈরি করেছো, ঠিক তখনই তোমার মাথা লক্ষ্য করে বুলেট ছোড়া হয়েছে।’ উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০০৫ সালে প্রবর্তন করা হয়। পুরস্কারের আর্থিক মূল্য ১ লাখ ৪৩ হাজার ডলার।