চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে একের পর এক প্রশ্নবানে জর্জরিত হতে হয় প্রার্থীকে। কিন্তু যুক্তরাজ্যের কার্ডিফে একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গিয়ে চাকরি প্রার্থীদের প্রশ্ন নয়, ‘নাচে জর্জরিত’ করলেন ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা! এই অভিযোগ করেছেন ২১ বছর বয়সী চাকরিপ্রার্থী অ্যালান বেকন। সদ্য বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এই মেধাবী তরুণ বলেন, অনেক আত্মবিশ্বাস নিয়ে তিনি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নকর্তারা তাকে ড্যাফট পাংকের মিউজিকের সাথে নাচতে বলেন। তিনি তাই করেন। অ্যালান বলেন, কেবলমাত্র তাকেই যে নাচতে বাধ্য করা হয়েছিল তাই নয়। সবাইকে একই কাজ করতে বাধ্য করেন তারা।
তবে বিষয়টি ফাঁস হবার পর তুমুল সমালোচনার মুখে কোম্পানিটি দুঃখ প্রকাশ করে জানায় যে চাকরি প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ নেয়া হবে। একজন মুখপাত্র বলেন, যেভাবে ইন্টারভিউ নেয়া হয়েছে সেটা আমাদের প্রতিষ্ঠানের মেধা যাচাইয়ের পদ্ধতি নয়। চাকরি প্রার্থীদের মেধা প্রদর্শনের নতুন করে সুযাগ করে দেয়া হবে বলে তিনি জানান। তবে অ্যালান বলেন, যদি সারা জীবনে চাকরি নাও হয়, তবুও ওখানে আর ইন্টারভিউ দিতে যাবেন না। -এনবিসিনিউজ
