ডেনিশ বিড়ালের ব্রিটেন ভ্রমণ!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১০
চোরাইপথে মানুষের এক দেশ থেকে আরেক দেশে ঢুকে পড়ার ঘটনা শোনা যায়। কাজের সন্ধানে তারা এভাবে ঝুঁকি নিয়ে বিদেশ যায়। পুলিশের হাতে ধরা পড়ার পর আসল পরিচয় বেরিয়ে যায়। কিন্তু তাই বলে বিড়ালও কি চোরাই পথে বিদেশ যায়! প্রশ্নটি হাস্যকর শোনালেও সত্যি, ডেনমার্কের এক বিড়াল গোপনে ব্রিটেন সফরে গিয়ে ধরা পড়েছে! তবে পুলিশের হাতে নয়, সে ধরা পড়েছে এক গৃহবধুর হাতে। ফোকস্টোনের গৃহবধু কারেন গ্যামব্রেল তার বাগানে হাঁটাহাঁটি করার সময় দেখেন একটি বিড়াল তার বাগানের মধ্যে লুকিয়ে আছে। তিনি বিড়ালটিকে কৌশলে ধরে ফেলেন। বিড়ালটিকে কিছুটা ক্লান্ত মনে হওয়ায় তিনি সেটিকে একজন পশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। পশু বিশেষজ্ঞ ভদ্রলোক বিড়ালটির ইলেক্ট্রনিক্স আইডি চিপ স্ক্যান করে দেখেন সেটি ডেনমার্কে তৈরী! অর্থাত্ সেটি ব্রিটিশ বিড়াল নয়। কারেন বলেন, বিষয়টি শোনার পর তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। বিড়ালটি কিভাবে ইংল্যান্ডে এলো তা ভেবে পাচ্ছিলেন না তিনি। স্থানীয় ‘ক্যাটস প্রোটেকশন’ সংস্থা বিড়ালটির আইডি চিপ বার বার পরীক্ষা করে তার মালিকের সন্ধান করতে ব্যর্থ হন। ব্রিটিশ পুলিশের ধারণা, বিড়ালটি হয়তো গোপনে কোনো জাহাজে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। -ইউপিআই