ব্যাগে ব্যাগে ল্যাপটপ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
নগর জীবন আজ ব্যস্ততার অন্য নাম। সেই ব্যস্ত জীবনে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া আজ নগরীর সর্বক্ষেত্রে। এক সময় যে কম্পিউটার ছিল আমাদের জন্য বিলাসিতা তা এখন আমাদের প্রতিদিনের জীবনে যে কী ভূমিকা রাখছে তা বলা বাহুল্য। কম্পিউটার বাসায় তালাবন্দী করে রাখার দিন এখন আর নেই। তরুণ প্রজন্মের কাছে ল্যাপটপই এখন প্রথম পছন্দ। শুধু তরুণ প্রজন্ম বলাটা ভুল হবে, কারণ আজকাল উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তা তার বৈদেশিক নথি সংরক্ষণ, ই-মেইল এর কাজ, দ্রুত যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেমন ল্যাপটপ ব্যবহার করেন, ঠিক তেমনি কলেজ পড়ুয়া ছাত্র তার পড়াশোনার কাজে, দেশ-বিদেশের খবর ও গুরুত্বপূর্ণ তথ্য উইকিপিডিয়া বা গুগল থেকে দ্রুত পাওয়া এসব কাজে ল্যাপটপ ব্যবহার করে থাকে। আর ল্যাপটপের গ্রহণযোগ্যতা বৃদ্ধির মূল কারণ হচ্ছে এটি বহনযোগ্য। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে পাড়ি দিতে হয় বহু পথ আর সেই পথেই জরুরি কাজকর্ম সারতে ল্যাপটপের জুড়ি নেই। আর সেজন্যই ল্যাপটপ ব্যবহারকারীরা ল্যাপটপ বহন করেন বিভিন্ন ধরনের ব্যাগে। এ ছাড়াও ভ্রমণ কিংবা অন্যান্য কাজে ল্যাপটপ তো নিত্যসঙ্গী হিসেবে থাকে প্রায় সবসময়। তাই তো দিন বদলের সঙ্গে সঙ্গে ল্যাপটপ বহনের প্রয়োজনীয় ব্যাগটিও হয়ে উঠছে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ, ব্যক্তিত্ব ও রুচির পরিচায়ক। ল্যাপটপ ব্যাগ ব্যবহারের রয়েছে নানা সুবিধাজনক দিক। এর ব্যবহার যে শুধু ল্যাপটপ বহনে সহযোগিতা করবে এমন না, এটি ল্যাপটপের আয়ুও বৃদ্ধি করে। ব্যাগ ব্যবহারের ফলে ল্যাপটপ হাত থেকে পরে যাওয়া, কোনো কঠিন জিনিসের সাথে ধাক্কা লেগে দাগ পরা বা পানি বা অন্যান্য তরল থেকে বাঁচিয়ে রাখা যায়। আর এজন্যই নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় বইপত্রের ব্যাগটি ল্যাপটপ ক্যারিয়ারসহ কিনে। এ ব্যাপারে ঢা.বি’র উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থী নিশাত তাসনিমের সাথে কথা বললে তিনি জানান, ক্লাসের পড়ালেখা ও প্রেজেন্টেশন ল্যাপটপ কেনার মূল উদ্দেশ্য। তাছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বাইরের বিশ্ব জানা ও সবার সাথে কম কষ্টে ও মূল্যে যোগাযোগ ল্যাপটপ কেনার কারণ। আমি ল্যাপটপ বহনের জন্য একটি কাঁধের ব্যাগ ব্যবহার করি যার ফলে যে কোনো জায়গায় বসে ফেসবুকিং থেকে শুরু করে, হঠাত্ কোনো জরুরি কাজ সেরে ফেলা যায়। ল্যাপটপ ব্যাগ ব্যবহারকারীরা কাঁধের ব্যাগকে নিরাপদ মনে করে, কারণ এর ফলে ল্যাপটপে সাইড ব্যাগের চেয়ে ধাক্কা খাওয়ার ঝুঁকি কম থাকে। আর ছিনতাইকারীরাও সাধারণত বুঝতে পারে না কাঁধের ব্যাগে আসলে কি থাকে। আর চাকরিজীবীদের জন্য ল্যাপটপ ব্যাগ যেন এক অপরিহার্য জিনিস, সকালে অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে কাজ গুছিয়ে ফেলা, কোনো জায়গায় যাওয়ার সময় সেই জায়গা সম্পর্কে ধারণা নেয়া, শেয়ার বাজারের তাত্ক্ষণিক খবরাখবর তারা সহজেই পেয়ে থাকেন। একটি ব্যাংকের কর্মকর্তা ফারহানা সুলতানা বলেন, ‘একটি ফরমাল ব্যাগে ল্যাপটপ বহন করি আমি। অফিসের কেতাদূরস্ত ভাব ও আমার পছন্দসই হবার কারণে ব্যাগটি বেশ উপযোগী আমার জন্য। অফিসের নানা বিষয়ে আলোচনা, গ্রাফ ও স্লাইড তৈরি করতে আর পথেঘাটে ই-মেইল চেকসহ নানা ধরনের কাজ করি ল্যাপটপে। এছাড়া ব্যাংকের ক্লায়েন্টদের সাথে সহসাই যোগাযোগ করার জন্য ল্যাপটপ ব্যবহার করি।’ শুধু শিক্ষার্থী আর চাকরিজীবীরাই না, শিক্ষকরাও ল্যাপটপ ব্যবহার করে থাকেন নানা কাজে, আর শ্রেণীকক্ষে ল্যাপটপের ব্যবহার বাংলাদেশে নতুন নয়। নানা ধরনের তথ্যমূলক স্লাইড ও ক্লাস বিবরণী প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। ল্যাপটপ বহনের জন্য তারাও প্রধানত ব্যবহার করেন সাইড ব্যাগ। ল্যাপটপ তথা শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে এনেছে ব্যাপক পরিবর্তন, আর এই পরিবর্তনের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুবাইয়া জান্নাত বলেন, ‘ক্লাসের শুরুতে ল্যাপটপে ক্লাসের অধীত বিষয়গুলোতে চোখ বুলিয়ে যাই এতে ক্লাস নিতে সুবিধা হয়। এছাড়া ল্যাপটপ ব্যাগ সবসময় সাথে থাকায় যেকোনো মুহূর্তে ক্লাসের শিডিউল, পরীক্ষার প্রশ্ন সংরক্ষণ ও সংশোধন করতে পারি। শিক্ষার্থীরা মূলত ফেসবুকে বা ই-মেইলে যোগাযোগ করে তাই তাদের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রেও ল্যাপটপ বেশ কার্যকরী আর ব্যাগ না থাকলে এসব কাজ ঘরে বসেই করতে হয়।’ ছবি:শাওকাত এ. গালিব ল্যাপটপ ও ব্যাগের ক্ষেত্রে কিছু টিপস—ভারি জিনিসপত্র ব্যবহারের জন্য উপযুক্ত কিনা, পানি নিরোধক কিনা, ল্যাপটপ ব্যাগের চেনগুলো ঠিক আছে কিনা, ল্যাপটপ ব্যাগের ভেতর নিরাপত্তা বিধায়ক ফোম আছে কিনা, মেয়েদের ক্ষেত্রে হালকা ব্যাগ নির্বাচন করা, সর্বোপরি ল্যাপটপ ব্যাগটি আরামদায়ক কিনা দেখে নেয়া। ভ্রমণে ল্যাপটপ বহন করার জন্য কাঁধে ঝুলানোর সুবিধাযুক্ত ব্যাগ ব্যবহার করা। এক্ষেত্রে বহনে সুবিধার পাশাপাশি আরেকটি সুবিধা হলো, বাইরে থেকে বোঝাই যাবে না যে ব্যাগে ল্যাপটপ আছে। তাই ছিনতাইকারীর দৃষ্টি থেকে রক্ষা পাবে ল্যাপটপ। ল্যাপটপ বেশিক্ষণ কোলের উপর রেখে ব্যবহার করা উচিত নয়। একটি জরিপে দেখা গেছে, যারা কোলের উপর রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশংকা আছে। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করার পর মনিটর বা ডিসপ্লে পর্দাটি ভাঁজ করে রাখা উচিত এবং এ সময় যেন কি-বোর্ডের ওপর কোনো পেন্সিল, হেডফোন বা অন্য কিছু না থাকে। এর কারনে ডিসপ্লের ক্ষতি হতে পারে।