৩৫ কাঠুরিয়া হত্যার বিচার হয়নি আজও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
আজ ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস। ১৭ বছর আগে এ দিনেই সেখানে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। বর্বর এ হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। দীর্ঘ দিনেও বিচার না পেয়ে হতাশায় নিমজ্জিত নিহতদের পরিবার। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পার্বত্য চুক্তি সম্পাদনের প্রাক্কালে রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীর গহীন অরণ্যে তত্কালীন বিচ্ছিন্নতাবাদি উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ শান্তি বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়া। সেই থেকে পার্বত্য এলাকায় বাঙালিরা এ দিনটিকে পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। এটি পার্বত্য চট্টগ্রামের বহু গণহত্যার মধ্যে অন্যতম ঘটনা। প্রতিবারের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পার্বত্য বাঙালিরা এ দিবসটি পালন করবে। দিবসকে ঘিরে কয়েকটি বাঙালি সংগঠন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে ৯ সেপ্টেম্বর লংগদু উপজেলায় স্থানীয় বাঙালিরা শহীদদের কবর জিয়ারত, শোক মিছিল, দোয়া ও আলোচনা সভা। রাঙ্গামাটি জেলায় পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি যুব ফ্রন্টসহ অন্য সংগঠনগুলো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোচনা সভা, মানববন্ধন করবে ও স্মারকলিপি দেবে।