বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক হুমায়ূন কবির হিরু ও মো: আব্দুস সোবহানের মনোনয়নপত্র বাতিল করে। বাতিল হওয়া প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বৈধ চেয়ে আপিল করবেন বলে জানা গেছে।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, নোটারি পাবলিক অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তার মাধ্যমে এফিডেভিট করে আটটি তথ্য দেয়ার কথা থাকলেও হুমায়ূন কবির হিরু চারটি তথ্যের কোন জবাব দেননি। এছাড়া আরপিও এর আর্টিকেল-৪১ এএ (১) ২০ নং ফরম পূরণ করে প্রার্থীর স্বাক্ষরসহ জমা দিতে হবে। কিন্তু হিরু তাও দেয়নি। যার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ক্রমিক নং এর ধারাবাহিকতা ঠিক রেখে ১% ভোটারের স্বাক্ষরসহ জমা দেয়ার কথা থাকলেও স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুস সোবহান তা ঠিকভাবে দেননি। এছাড়া তিনি বাত্সরিক আয় দেখিয়েছেন দশ হাজার টাকা এবং তার হাতে নগদ অথবা ব্যাংকে কোন টাকা নাই বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তিনি এ নির্বাচনের ব্যয় দেখিয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা। তাই তার আয় এবং ব্যয়ের সাথে কোন সামঞ্জস্যতা না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
