গতকাল রবিবার সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল
আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে নগরীতে গতকাল রবিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়। এ উপলক্ষে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক।
নোয়াখালী
এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নোয়াখালী পৌর হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লাল হোসেনের সভাপতিত্বে এ সভায় জেলা প্রশাসক সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল কাদের, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-পরিচালক বিদ্যুত্ রায় বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
শরীয়তপুর
জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর জেলা সদরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, সেমিনার, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ছাত্র/ছাত্রীদের রচনা প্রতিযোগিতা। এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নওগাঁ
সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এনামুল হক। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার, নওগাঁ পিটিআই-এর সুপার আব্দুল মান্নান প্রামাণিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
মেহেরপুর
গতকাল রবিবার সকালে স্থানীয় শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
গাজীপুর
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
বান্দরবান
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুর
জেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর। অন্যদের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, সাহানা নাসরিন রুবি প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে স্থানীয় লোকনাথ দীঘির পাড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
