বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছে পৌরসভার ১২ জন কাউন্সিলর। রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র আব্দুল শুক্কুরসহ ১১ জন কাউন্সিলর স্বাক্ষরিত আবেদনে ৯ দফা দাবি উত্থাপন করে মেয়র মোহাম্মদ আলমগীরকে তার পদ থেকে সরিয়ে দেয়ার আহবান জানানো হয়।
আবেদনে বলা হয়, মেয়র দীর্ঘদিন ধরে পৌরসভাকে তার নিজস্ব সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন। অভিযোগের মধ্যে রয়েছে, ভ্যাকসিন বাবদ চুরানব্বই হাজার টাকা আত্মসাত্, ১৫টি টিউবওয়েলের টেন্ডার দেখিয়ে ২১টির টাকা উত্তোলন, জমি ক্রয় দেখিয়ে টাকা আত্মসাত্, গার্ভেজ ট্রাক অফিসে হস্তান্তর না করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা। টোলের ৩৫ হাজার টাকা আত্মসাত্, পৌরসভার পানির ট্যাংক ও আসবাবপত্র নিজের বাসায় ব্যবহার ইত্যাদি। এ ব্যাপারে মেয়র মোঃ আলমগীর হোসেন বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। কাউন্সিলর আব্দুল শুক্কুর মিয়া আমাকে সরিয়ে ক্ষমতায় বসতে চাচ্ছেন। কোন দুর্নীতির সাথে আমি জড়িত নই।
