পৃথক ঘটনায় ৫ জনের অপমৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৯
মাগুরা, পাবনার সুজানগর, সুন্দরগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৫ জন মারা গেছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাগুরা মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে শনিবার দুপুরে ধানে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আয়ুব হোসেন (৫২) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ধানের জমিতে বিদ্যুত্ চালিত পাম্প চালু করতে গেলে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সুজানগর (পাবনা) পাবনার সুজানগরের বন্যা কবলিত চরখলিলপুর গ্রামে গত শনিবাররাতে আমেনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ সাপের কামড়ে মারা গেছেন। সে রফিকুল ইসলামের স্ত্রী। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সুন্দরগঞ্জের সাইতনামারি গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে আ. হাই (৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সাইতনামারি গ্রামের ফছির উদ্দিনের পুত্র। বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে সে ঘটনা স্থলেই মারা যান। চাটমোহর (পাবনা) পাবনার চাটমোহর ভাঙ্গুড়ার কৈডাঙ্গা অথবা বড়ালব্রিজের খাঁচার সাথে ধাক্কা লেগে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের ছাদ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ব্যক্তির পরণে কালো শার্ট ও ধূসর রংয়ের প্যান্ট ছিল। উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে গতকাল রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আবিরন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঢেঁকিয়ারাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্ত্রী। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যান।