জামালপুর, পিরোজপুরের মঠবাড়িয়া, সিরাজগঞ্জের বেলকুচিসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জামালপুর
জামালপুর সদর উপজেলার মাছিমপুর লাঙ্গলজোরায় গত শনিবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশ গত শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে। নিহত ব্যক্তি খালি গায়ে জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
মঠবাড়িয়া (পিরোজপুর)
মঠবাড়িয়া থানা পুলিশ গত শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্যোত্সনা (১৮) নামের এক যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছেন। নিহত জ্যোত্সনা উপজেলার কচুবাড়িয়া গ্রামের মৃত পান্না মিয়া হাওলাদারের মেয়ে। সে গত শনিবার সকালে ঘরে রাখা কীটনাশক পান করে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত হয়।
বেলকুচি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের বাড়ির ফ্রিজ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মধ্যপাড়া গ্রামের কবিরাজ আঞ্জেলা বেগম একটি মিষ্টির বাক্স আলম হোসেনের কাজের মেয়ে হেলেনা খাতুনকে আলম হোসেনের বাড়ির ফ্রিজে রেখে দিতে বলে। সে অনুযায়ী হেলেনা রেখে দেয়। শনিবার রাতে আলম হোসেনের স্ত্রী রুমা খাতুন ফ্রিজ খুলে মিষ্টির বাক্সটি খুলে দেখেন নবজাতকের লাশ। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। বাড়ির মালিক আলম হোসেন, তার স্ত্রী রুমা খাতুন, কবিরাজ আঞ্জেলা বেগম ও কাজের মেয়ে হেলেনা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে বাড়ির মালিক ও তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর পৌর শহরের লুদরপুরে গতকাল দুপুরে একটি পরিত্যক্ত বাড়ির টিনশেট ঘর থেকে রাজিয়া বেগম (৫৫) নামের এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মহিলা সুনামগঞ্জ সদর থানার শিমুলভাগ গ্রামের ময়না মিয়ার স্ত্রী। গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
