যুক্তরাষ্ট্রের মূলধারায় তৈয়বা বেগম লিপির শিল্পকর্ম

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৫৫

নিউইয়র্কের ম্যানহাটানে বিখ্যাত আর্ট গ্যালারি সুন্দারাম ট্যাগর চেলসিতে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী। গত ২ মে থেকে শুরু হওয়া এ প্রদশর্নী চলবে আগামী ১ জুন পর্যন্ত।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিশেষ উদ্যোগে যুক্তরাষ্ট্রের মূলধারার সামনে তুলে ধরা হয় তৈয়বা বেগম লিপির শিল্পকর্মের প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরির প্রয়াসে কনস্যুলেট জেনারেল এর জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন।

প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সাদিয়া ফয়জুননেসা। তিনি সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। শিল্পকর্ম প্রদর্শনী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারার মাঝে একটি ইতিবাচক ধারণা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রদর্শনীতে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল ও রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী, যুক্তরাষ্ট্র সফররত নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আয়েশা হক, বাংলাদেশের চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।