যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ব্যাপক হট্টগোল ও অতিথিদের চরম অসন্তোষের মধ্য দিয়ে শনিবার রাতে কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিকাল পাঁচটা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত টানা ছয় ঘন্টার বেশি সময় এ প্রতিনিধি সভা চলে। ওবায়দুল কাদের কক্সবাজারে দলীয় নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং থাকায় ক্ষোভ প্রকাশ করে খুব অল্প সময় বক্তব্য দেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের বর্তমান দুর্বল নেতৃত্বের কারণে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখানে কর্মীর চেয়ে নেতা বেশি। তৃণমূল নেতা-কর্মীরা বক্তব্য দেয়ার সুযোগ পায়নি। এতে জেলা আওয়ামী লীগের দৈন্যদশা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এসময় তিনি জেলা ও উপজেলা কমিটির কাউন্সিল চলতি মাসের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেন। উল্লেখ্য, গত নয় বছর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আট উপজেলা, পৌরসভা, সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি বলেন, বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে সতিনের মনোভাব বিরাজ করছে।
