ঢাবি সিনেট নির্বাচন

ভোটার পরিচয়পত্র না পাওয়ার অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের অধিকাংশ ভোটারই এখনও ভোটার পরিচয়পত্র পাননি বলে অভিযোগ করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট কক্ষে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে প্রার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের জরুরি বৈঠকে এ অভিযোগ জানানো হয়। সভায় অধিকাংশ প্রার্থী জানান, আগামী ১৪ সেপ্টেম্বর নির্বাচন শুরু হবে। অথচ এখনো শতকরা ২০ ভাগের বেশি ভোটার ভোটার আইডি কার্ড পাননি। ভোটার আইডি কার্ড প্রাপ্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান কোনভাবেই গ্রহণযোগ্য করা সম্ভব নয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ভোটার আইডি কার্ডের পাশাপাশি ভোট প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান প্রার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ট্রেজারার অধ্যাপক মো. কামাল উদ্দিন, রেজিষ্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রার্থীদের বক্তব্য-অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করছে। এগুলো হলো আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ, বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ এবং সম্মিলিত পরিষদ। সভায় গণতান্ত্রিক ঐক্য পরিষদের পক্ষে শিক্ষাবিদ মাহফুজা খানম, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রাক্তন ছাত্রনেতা বাহালুল মজনুন, ড. আবদুল আজিজ, জাতীয়তাবাদী পরিষদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আফম ইউসুফ হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্রাক্তন ছাত্রনেতা এ বি এম মোশাররফ হোসেন, রফিকুন নবী এবং সম্মিলিত পরিষদের পক্ষে মো: জাহিদুর রহমান দিপু, এ কে এম নুরুল আলম নান্টু প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার বাইরে ২৭ কেন্দ্রে, ২১ সেপ্টেম্বর ১৩ কেন্দ্রে এবং ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫৪৫ জন।