যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ্যাম্বাসাডর কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতার আয়োজক ছিল নিউজিল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগো দূতাবাস। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য এবং ত্রিনিদাদ ও টোবাগো এই আটটি দেশের দূতাবাসগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় বাংলাদেশ দূতাবাস টিম ৯ উইকেটে অস্ট্রেলিয়া দূতাবাস টিমকে পরাজিত করে। বাংলাদেশ টিমের সম্মানিত ক্যাপ্টেন রাষ্ট্রদূত আকরামুল কাদের টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া দল নির্ধারিত দশ ওভারে ছয় উইকেটে ৭৬ রান করে। বাংলাদেশ দল ৭ ওভারে একটি উইকেট হারিয়ে ৭৭ রান করে জয়লাভ করে। এর আগে বাংলাদেশ টিম নিউজিল্যান্ডকে এবং অপর খেলায় শ্রীলঙ্কাকে পরাজিত করে।
