পুলিশের নিরাপত্তা তল্লাশি নিয়ে অনেকেই প্রশ্ন করেন। কেউ কেউ বলেন, সন্ত্রাসীকে ধরতে না পারলেও নির্দোষ ব্যক্তিকে ধরতে ওস্তাদ পুলিশ! এটা হয়তো সব দেশের পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন উন্নত দেশ ব্রিটেন। কিন্তু সেই দেশেরই পুলিশ কিনা চ্যালেঞ্জ করলো ব্রিটেনের দ্য ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুকে! এজন্য ক্ষমাও চেয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে রাজপ্রাসাদে চুরির দুই দিন পর। গত সোমবার এক চোর প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থাকে আঙ্গুল দেখিয়ে চুরি করতে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। আর এ কারণে বাগানে অবস্থান করা প্রিন্স অ্যান্ডু্রকে চ্যালেঞ্জ করে পুলিশ। প্রিন্সকে হাত তুলতে বলা হয়। এমনকি তাকে অস্ত্রের ভয়ও দেখানো হয়। তবে বিষয়টি পুলিশ অস্বীকার করেছে। পরে পুলিশ এক বিবৃতিতে এ ঘটনার জন্য ক্ষমা চায়। প্রিন্স ক্ষমা চাওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেন, পুলিশকে অনেক ঝামেলা মোকাবেলা করতে হয়। তাই হয়তো ভুল করে এধরনের ঘটনা ঘটেছে। - বিবিসি
