সংসদ রেখে নির্বাচন করা কঠিন হবে :ইসি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন আয়োজন করা দুরূহ মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ হিসাবে কমিশন বলছে, সংসদ বহাল থাকলে কমিশনের জন্য সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ রেখে নির্বাচন করা কঠিন। এমপিরা নির্বাচন করতে পারবেন কিনা তা এখনো অস্পষ্ট। বরং সংসদ ভেঙ্গে নির্বাচন আয়োজন কমিশনের জন্য তুলনামূলক সহজ। গতকাল রবিবার শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হাফিজ জানান, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙ্গে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে বা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। সংবিধানের কোন বিধান অনুযায়ী নির্বাচন হবে তা পরিষ্কার নয়। নির্বাচন পদ্ধতি ঠিক করবেন রাজনীতিবিদরা। তবে সংসদ বহাল থাকলে নির্বাচনে এক রকম পরিবেশ থাকবে এবং সংসদ না থাকলে হবে অন্য রকম। নির্বাচনে সেনা মোতায়নের ব্যাপারে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। কোন সময়কে বিবেচনায় নিয়ে আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। যদি দেখি সংসদ থেকে নির্বাচন হচ্ছে তাহলে সেভাবে প্রস্তুতি নেব। আর যদি সংসদ ভেঙ্গে হয় তাহলে সেভাবে প্রস্তুতি নেয়া হবে। এতে কমিশনের কোন অসুবিধা হবে না। আর সব কিছু পর্যালোচনা করে তার পর আচরণ বিধি প্রণয়ন করা হবে। আর সব দলের অংশগ্রহণে আমরা নির্বাচন করতে চাই। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নেতা-কর্মীদের দ্বারা প্রভাবিত হবেন কিনা এমন প্রশ্নের জবাবে আবু হাফিজ বলেন, এ ব্যাপারে কিছু বলতে চাই না। সংসদ ভাঙ্গবে না বহাল থাকবে তা ইসির সঙ্গে পরামর্শ করা হবে-প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি আমাদের কোন বিষয় না। সংসদ বহাল থাকবে না ভেঙ্গে দেয়া হবে তা সরকারই ঠিক করবে। তবুও আমাদের পরামর্শ চাইলে আমাদের জন্য যেটা সুবিধা হবে সরকারকে সে পরামর্শ দেয়া হবে।