আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাংবিধানিক নির্বাচনে বিএনপি অংশ না নিলে ন্যাপ ও মুসলিম লীগের মতো অবস্থা হবে। আমরা সংবিধানের বাইরে যাব না। যথাসময়ে আমরা সাংবিধানিকভাবে নির্বাচন দেব। সব দলের অংশগ্রহণে জনগণের প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। শহরে স্বর্ণকলি স্কুলে গতকাল রবিবার দুপুরে আয়োজিত শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আনুমানিক ৬ হাজার নির্বাচন করেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এসব নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দিয়েছে। আমরা সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। তিনি আরো বলেন, নিজেদের ইচ্ছায় নয়—উচ্চ আদালতের আদেশে আমরা ৭২’র সংবিধান প্রবর্তন করেছি। ৭২’র সংবিধানের অধীনে বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশগুলোর আদলে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবেন না। প্রতি ৫ বছর পর পর তত্ত্বাবধায়ক ইস্যু তুলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা হয়। এবার তৃতীয় শক্তি ক্ষমতা নিলে তারা যে ১০ বছর ক্ষমতায় থাকবে না এর কোন গ্যারান্টি নেই। কোন অবস্থাতেই আমরা সাংবিধানিক সংকট সৃষ্টি হতে দেব না।
