বিয়ে ব্যবসা :চার তরুণীসহ আটজন গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৮
‘বিয়ে নিয়ে ব্যবসা’। তবে সঠিক পথে নয়। প্রতারণার জাল বিছিয়ে। আর এটা করতে গিয়ে শেষ পর্যন্ত ওরা আটজন ধরা পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শ্যামলী ও আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দলনেতা এরশাদ, আলমগীর হোসেন ওরফে বাদশা, ইকবাল হোসেন, জাহাঙ্গীর, আসমাউল হুসনা মিশু, সাদিয়া মিতু, শায়লা শারমীন ও সালমা। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় প্রতারণার কাজে ব্যবহূত বিভিন্ন জাল বিদেশি পাসপোর্ট, ভিসা, নিকাহনামা ও নোটারি পাবলিক-এর স্ট্যাম্প। গতকাল রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিসি মিডিয়া মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ আফতাবনগরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রতারক চক্রের প্রধান এরশাদসহ অন্যদের। ঐ বাড়ির নীচতলায় তারা কিছু সুন্দরী নারীকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক পরিচয় দিয়ে পাত্রী সাজিয়ে পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। বিজ্ঞাপন দেখে আগ্রহীরা তাদের সাথে মোবাইলে যোগাযোগ করে। পরে তাদের কথিত কাউন্সিলরদের মাধ্যমে ম্যারেজ মিডিয়া অফিসে নিয়ে যাওয়া হয়। প্রতারক চক্রটি সুন্দরী নারীদের জাল ভিসা ও পাসপোর্টের ফটোকপি দেখিয়ে তাদের সাথে পাত্রী সন্ধানকারীদের দেখা করানোর মাধ্যমে আকর্ষণ তৈরি করে। এরপর মোটা অংকের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভুয়া নিকাহনামার মাধ্যমে বিয়ে করিয়ে আত্মগোপন করে। পরবর্তী সময়ে অন্যত্র অফিস নিয়ে পুনরায় শুরু করে ঐ প্রতারণা ব্যবসা। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ইরানী, মুন্নি, তিশা, সাগর মিজানসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।