আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর আইডিবি মিলনায়তনে মাইক্রোসফট আয়োজন করতে যাচ্ছে উইন্ডোজ ডেভেলপারস কনফারেন্স ২০১৩। ফেসবুক গ্রুপ ডটনেট ডেভেলপারস উইন্ডোজ প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ক দক্ষতাবৃদ্ধি সমর্থনে মাইক্রোসফট, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় এবং এমসিসি লিমিটেডের সাথে যৌথভাবে এই কনফারেন্স আয়োজন করছে। এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব বলেন, ‘মাইক্রোসফট স্থানীয় ডেভেলপার এবং কারিগরি শিক্ষার্থীদের অ্যাপস তৈরির দক্ষতা তৈরি করে স্থানীয় কারিগরি জ্ঞানের মান উন্নয়নের জন্যই এই কনফারেন্স আয়োজন করেছে।’ এই আয়োজনে স্থানীয় সেরা ডেভেলপাররা উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ স্টোর অ্যাপস ও গেম তৈরির ওপর কারিগরি দিকসমূহ আলোকপাত করবেন। এ ছাড়াও চমক হিসেবে থাকছে ছবি-প্রক্রিয়াজাত করে উচ্চ-প্রযুক্তির অ্যাপস তৈরির উপর বিশেষ আয়োজন। দিনব্যাপী এই কনফারেন্সে পেশাদার ডেভেলপার, কারিগরি শিক্ষার্থী ছাড়াও উদ্যোক্তারাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কনফারেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://aka.ms/wdc2013 ঠিকানায়।
