ধানমন্ডির দৃক গ্যালারিতে আজ ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় উদ্বোধন করা হলো বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং প্রদর্শনী। পলা রহমানের একক পরিচালনায় ‘বিফোর আই ডু’ শিরোনামে এ প্রদর্শনীটির আয়োজন সহযোগিতায় রয়েছে ওয়েডিং ডায়েরি বাংলাদেশ। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বনামধন্য নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও রেদোয়ান রনি। আর উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা সুমন পাটওয়ারী, ছড়াকার অনিক খান, সংগীতশিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদসহ আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব।
বিয়ের আয়োজনের পুরো বিষয়টি বেশ ঝক্কিরই বটে! অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, হলুদের ডালা-কুলা, কনের শাড়ি কিংবা বরের জুতো, এমন হাজারটা কাজ, কোনোটাই কোনোটা থেকে কম গুরুত্বপূর্ণ নয়। আজকাল বিয়ের আয়োজনের এই ঝামেলাগুলো অনেকটাই শিথিল হয়ে এসেছে। কারণ আপনার কিংবা আপনার প্রিয় মানুষটির বিয়ের সকল মাথাব্যথা এখন হাসিমুখে নিচ্ছেন ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানাররা। তবে আবার এর মধ্যেও কিন্তু রয়েই যায়। আর সেই কিন্তুটির সমাধান দিতেই ওয়েডিং ডায়েরি ও পলা রহমানের মিলিত এই আয়োজন। প্রদর্শনী সম্পর্কে পলা রহমান বলেন, ‘দেখা যায় যে আমাদের দেশে ইভেন্ট ডিজাইন ও প্ল্যানিং বলতে আমরা কেবল বিয়ের স্টেজ সাজান আর ডিজে মিউজিকই বুঝি! অথচ ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং মানে যে এর চাইতেও আর অনেক বেশি কিছু সেটিই আমি সকলের কাছে তুলে ধরতে চাই। বিয়ের খুঁটিনাটি সবকিছুর আমেজই পাওয়া যাবে এই প্রদর্শনীতে।’
ইভেন্টের আয়োজক ওয়েডিং ডায়েরির সিইও এবং বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফির পথিকৃত্ প্রীত রেজা এ আয়োজন সম্পর্কে বলেন, ‘‘বিফোর আই ডু’ একটি কমপ্লিট ওয়েডিং সলিউশন। এখানে বিয়ের যাবতীয় সবকিছুই থাকবে ক্লায়েন্টদের জন্য। ‘বিফোর আই ডু’ ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনি পেতে পারেন বিয়ের পর দাম্পত্য জীবনের সকল অনুষঙ্গকে সঙ্গে রেখে একটি কমপ্লিট ওয়েডিং সলিউশন। এই প্রয়াসে ওয়েডিং ডায়েরির সঙ্গে রয়েছে বাংলালিংক, ঢাকা রিজেন্সি হোটেল, আসটালিফট, ফুজিফিল্ম, কম্পিউটার সোর্স, গ্যালাক্সি হলিডেজ, গ্লোরিয়াস এক্সক্লুসিভ ফার্নিচার, ইন্সট্যাক্স, মীনা বাজার, ওশেন প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, পেপার স্টুডিও, ওয়েডিং ডায়েরি, ভিএলসিসি এবং প্রীত রেজা ফটোগ্রাফি। অর্থাত্ বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে কনের সাজ, হানিমুন, নতুন বাড়িতে নতুন আসবাব—সবকিছুই পাচ্ছেন আপনি এক ছাদের নিচেই।
যদি বিয়ের আয়োজন নিয়ে আপনি এতটুকুও চিন্তিত থাকেন তবে একবার না হয় ঢুঁ মেরেই আসুন দৃক গ্যালারিতে ৫ থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত, যেকোনো দিন, যেকোনো সময়ে! বিস্তারিত :০১৯৭৯৯৯৩৩৩০, ১৯৭৮৮৮২২৩৩।
