রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন প্রমাণ দিতে পারবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোন প্রমাণ দেখাতে পারবে না যে তার সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তাই এই অভিযোগে কোন হামলা চালানো হলে তার ফল হবে ভয়ঙ্কর। তিনি এ কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সোমবার মার্কিন সিবিএস টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট বাশার বলেন, কোন কারণে যদি তার দেশে হামলা চালানো হয় তাহলে সিরিয়ার মিত্র শক্তিরাও হাত গুটিয়ে বসে থাকবে না। তারাও এর সমুচিত জবাব দেবে। এছাড়া সংঘবদ্ধ হামলাকারী পশ্চিমা জোটের মধ্যেও এ কারণে সম্পর্কের ফাটল ধরবে। গত দুই বছরের মধ্যে কোনো মার্কিন সংবাদমাধ্যমকে বাশার আল আসাদের দেয়া এটাই প্রথম সাক্ষাত্কার। সাক্ষাত্কারটি নিয়েছেন সাংবাদিক চার্লি রোজ। ‘সিরিয়া তার জনগণের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে’ মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে অস্বীকার করে সিবিএস’কে বাশার আল আসাদ বলেন, ‘ বলা হচ্ছে আমার নির্দেশে সিরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে, আসলে এসব কথার কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিদ্রোহীদের দমনে আমরা এমন কোনো কাজ করিনি যা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে।’ ওবামা প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি আরো বলেন, হামলা প্রতিহত করতে সিরিয়ার জনগণ প্রস্তুত রয়েছে। এমন কোনো ঘটনা ঘটলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এমন পর্যায়ে যাবে, যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না। এদিকে সাংবাদিক রোজ জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি, এমন দাবির পক্ষে প্রেসিডেন্ট বাশার তেমন কোনো শক্ত যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।