মেক্সিকোতে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৭
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিওটোর অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্র্রায় ৪০ হাজার মানুষ গত রবিবার রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছে। দেশটির বামপন্থি নেতারাও সরকারের এ পরিকল্পনা শান্তিপূর্ণভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। -খবর আল জাজিরার। কর ব্যবস্থা ঢেলে সাজানোর ও দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল শিল্পে বিদেশি বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে মেক্সিকো সরকার। বিরোধীদলীয় নেতা আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের মাধ্যমে জ্বালানি খাতকে ব্যক্তি মালিকানাকরণ ও কর বৃদ্ধির পরিকল্পনা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, বিদেশি কোম্পানির স্বার্থে বিদেশিদের পরিকল্পনায় জ্বালানি খাত ও কর ব্যবস্থায় সংস্কারের কথা বলছেন প্রেসিডেন্ট নিওটো। মার্কিন ও ব্রিটিশ কোম্পানির কাছে এই সংস্কার কর্মসূচি চালানোর অঙ্গীকার করেছেন তিনি। গত সোমবার প্রেসিডেন্ট নিওটো মেক্সিকানদের এই ‘মহত্ রূপান্তর’ পরিকল্পনায় সমর্থন দেয়ার জন্য আহবান জানিয়েছেন।