আমদানি-রপ্তানির ক্ষেত্রে সরকারের স্বচ্ছ নীতিমালা থাকা দরকার বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, এক্ষেত্রে কার্যকর ও স্বচ্ছ নীতিমালা না থাকায় সমস্যা হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (্এমসিসিআই) আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান চলতি অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী হিসেবে মন্তব্য করেন। চলতি বছর সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা যা গত অর্থবছরের তুলনায় ২২ শতাংশ বেশি। গত অর্থবছরে ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা অর্জন করা সম্ভব হয়নি।
এমসিসিআই প্রেসিডেন্ট রোকেয়া এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস-উদ দৌলা, লতিফুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম প্রমুখ।
