অবৈধ দখলদার আর ভূমিদস্যুদের কারণে নরসুন্দা নদী হারিয়ে যেতে বসেছিল। কিন্তু কিশোরগঞ্জের পরিবেশপ্রেমী জনতার নরসুন্দা নদী উদ্ধার আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ শহরকে লেকসিটি হিসেবে গড়ে তোলা এবং পুরো নরসুন্দা নদী ড্রেজিং-এর মাধ্যমে খনন করার জন্য ‘নরসুন্দা নদী খনন ও শোভা বর্ধন (লেকসিটি) নির্মাণ’ প্রকল্প হাতে নেওয়া হয়। এরই মধ্যে নদী খননের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি আছে নদীর পাড় নির্মাণকাজ। কিন্তু শহর অংশে নদীর পাড়ে প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা থাকায় তাদের চাপে কাজ বন্ধ হয়ে গেছে। ফলে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরিবেশের স্বার্থে যে কোনো মূল্যে প্রশাসনকে প্রকল্পটি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাই।
সুমিত বণিক, কিশোরগঞ্জ
