শিবচর পৌর এলাকায় জলাবদ্ধতা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে সকলস্তরের মানুষ। বিশেষত পৌরবাজারের প্রধান সড়ক, চকবাজার, স্বর্ণকারপট্টি ও কাপড়ের মার্কেট এলাকায় এ জলাবদ্ধতা ও দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। অপরিকল্পিতভাবে নদী, খাল ও পুকুর ভরাট করার কারণে এ জলাবদ্ধতার তৈরি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীদের। গত কয়েক বছর ধরে শিবচর পৌর এলাকার আশপাশের খাল-পুকুরসহ ছোট-বড় অসংখ্য জলাশয় নদী থেকে ড্রেজিং করে বালু দিয়ে ভরাট করা হয়েছে। এ সমস্ত জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। এতে করে বৃষ্টির পানি বের হওয়ার পথ এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই পৌর এলাকার রাস্তাঘাটে জমে যাচ্ছে পানি। ছোটবেলায় নৌকা নিয়ে বাজার করতে আসতাম তাতেও গায়ে কোনো কাদা লাগতো না। এখন পৌর বাজারে এলে জুতায় কাদা লাগে, পোশাকে কাদা ছিটে, নাকে রুমাল নিয়ে হাঁটতে হয়। শহর থেকে একটু শান্তির জন্য জন্মস্থানে এসে পরিবেশগত কারণে থাকতে ইচ্ছা করে না। মাদারীপুরের জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌর এলাকার জলাবদ্ধতা পৌর কর্তৃপক্ষের দেখা উচিত এবং আমরাও খোঁজখবর নিচ্ছি। আর খাল ভরাট করার বিষয়ে পরিবেশ অধিদফতরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক বলেন যে, এই খাল ভরাট করার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো ছাড়পত্র নেয়া হয়নি। পরিশেষে, জলাবদ্ধতা দূর করতে আশু উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ এ এম কালাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, আইএফআইসি ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা