লাখো দর্শকের উপস্থিতিতে উত্সবমুখর পরিবেশে নিকলীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নিকলী উপজেলা ক্রীড়া সংস্থা গত শনিবার বিকালে উপজেলা সদরে ঘোড়াউত্রা নদী সংলগ্ন হাওরে এই প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচ দেখতে মোহরকোনা বেড়ীবাঁধে এবং পানির ওপর ভাসমান নৌকায় প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ছিল লাখো মানুষের ঢল। পানিতে নৌকার সারি সাজিয়ে তৈরি করা হয়েছিল যেন নৌকার সাঁকো।
এবার নৌকাবাইচ উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুর এলাকার সংসদ সদস্য মো. আফজাল হোসেন। এছাড়া অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন প্রমুখ।
