পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমানবিক বিদ্যুত্ প্রকল্পের কাজ আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ২ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুত্ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হবে।
পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সোমবার জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ অক্টোবর প্রকল্পের কাজ উদ্বোধনের সম্ভাব্য তারিখ তাদের জানানো হয়েছে। আশা করর হচ্ছে, ওইদিন প্রকল্প উদ্বোধন হবে। এজন্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, স্থানীয় সাংসদ সমন্বয়ে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে।
এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান শুক্রবার দুপুরে রাশিয়ান প্রতিনিধি দলের সাথে ঈশ্বরদী পাকশীতে অবস্থিত বিদ্যুত্ প্রকল্প এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেছেন। এছাড়া প্রতিমন্ত্রী শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে রূপপুর পারমানবিক বিদ্যুত্ প্রকল্প নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
প্রকল্প সূত্র জানায়, রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া এই বিদ্যুত্ কেন্দ্র নির্মাণসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে। এছাড়া দীর্ঘ মেয়াদে জ্বালানি সরবরাহ এবং ব্যবহূত জ্বালানি ফেরত নেবে রাশিয়া।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৭ কোটি টাকা। বাকি অর্থ ঋণ দেবে রাশিয়া।
