গণতন্ত্রহীন দেশ গড়ার চেষ্টা চলছে : নাসিম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গণতন্ত্রহীন দেশ গড়ার চেষ্টা চলছে। ঈদের পর মিথ্যা, অপপ্রচারের ধুয়া তুলে নির্বাচিত সরকার ছাড়াই দেশ চালানোর ষড়যন্ত্র চলছে।’ তিনি বলেন, ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে সুশাসন রাখতে হলে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।’ মোহাম্মদ নাসিম রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, এখন আর আলোচনা করার কোনো সুযোগ নেই। চার মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না।