উপজেলার প্রধানসহ অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যস্ততম এসব সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পথচারিসহ সাধারণ জনগণ।সরেজমিনে দেখা যায়, রায়পুরা-মৌলভীবাজার-সাপামারা, রায়পুরা-মরজাল সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলো খানা-খন্দকে ভরা।
বিশেষ করে পৌর এলাকার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী রায়পুরা বাজারের অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। আর এ পানি সরতে সময় লাগে কয়েক দিন। এ জন্য পৌরসভা কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কটির এই দুরবস্থা।
এদিকে প্রতিনিয়ত এসব সড়ক দিয়ে ছোটবড় অসংখ্য ভারি যানবাহন চলাচলে সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে-চুরে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। এ সকল রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য ব্যাপার। উপজেলার ৭ লক্ষাধিক মানুষকে এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
