তরুণী অপহরণের চেষ্টায় গাজীপুরে ১২ জন আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
গাজীপুরে এক তরুণীকে অপহরণের চেষ্টার সময় ১২ জনকে আটক করা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ রবিবার রাতে মহানগরীর মজলিশপুর এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। ওই গ্রামের জালাল উদ্দিনের মেয়ের সঙ্গে কোনাবাড়ির আমবাগ গ্রামের আবু হানিফের ছেলে জনির (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার মৌসুমীর সঙ্গে ঢাকার মগবাজার এলাকার এক যুবকের বিয়ের কাবিন সম্পন্ন হয়। এ খবর জানতে পেরে প্রেমিক জনির নেতৃত্বে ১৫-১৬ জনের একদল যুবক রবিবার রাতে মেয়েটির বাড়িতে হানা দেয় এবং জোরপূর্বক অপহরণ করে নিয়ে যেতে চেষ্ঠা করে। বাধা দেওয়ায় তরুণীর মা ও প্রতিবেশী খলিল ও মতিনকে মারধোর করে। এক পর্যায়ে তাদের চিত্কারে এলাকার লোকজন ছুটে এসে ওই যুবকদের ঘেরাও করে। এ সময় এলাকাবাসী ১২ জনকে আটক করে কয়েকজনকে উত্তম মাধ্যম দিলেও জনিসহ অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো— ফয়সাল, আজিজুল হক, লিটন সরকার, রিমন, শহিদুল, আঃ রশিদ, আতিশ বিশ্বাস, বাবুল, নয়ন, আসাদ, মমিন ও জুয়েল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।