বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আবাসিক এলাকায় নিরাপত্তা প্রাচীর নির্মাণের কাজ গত রবিবার বন্ধ করে দিয়েছে বিএসএফ।
চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, বেনাপোল চেকপোস্ট পুলিশের আবাসিক এলাকার চারপাশে প্রাচীরের নির্মাণ কাজ চলছে দীর্ঘদিন ধরে। বিএসএফ সদস্যরা গত রবিবার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
যশোর ২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফ জানিয়েছে সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রাচীর নির্মাণ করা যাবে না। অথচ একই সীমান্তের আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের পশ্চিমপাশে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানা ঘেঁষে প্রাচীর নির্মাণ ও ভারতীয় টাটা কোম্পানি তাদের নির্মাণ কাজ করছে। তিনি আরো জানান, বিএসএফ বলছে বিএসএফ ও বিজিবি’র কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে।
২৯ লাখ টাকার শাড়ি জব্দ
এদিকে, বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা বটতলা থেকে গতকাল সোমবার সকালে ২৯ লাখ টাকা মূল্যের শাড়ি, থ্রিপিস, থান কাপড় ও ১৯টি বাই সাইকেল জব্দ করেছে বিজিবি।২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। মালামাল যশোর কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে।
