চার স্থান থেকে ৪ লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
মির্জাপুর, চুয়াডাঙ্গা, ভৈরব ও কুষ্টিয়ার দৌলতপুর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মির্জাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের রেল স্টেশনের পাশের পুকুর থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় ২ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মির্জাপুর থানার পুলিশ অফিসার আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে মোহাম্মদী শপিং কমপ্লেক্স মার্কেটের পেছনের আমবাগান থেকে গত রবিবার সকালে মিলন হোসেন (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মিলন চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শরীফউদ্দিনের ছেলে। তিনি শহরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। ভৈরব নিখোঁজ হওয়ার তিনদিন পর গতকাল সোমবার ভৈরব শহরে সুইপার কলোনির পেছনের একটি ডোবা থেকে আরিফুল ইসলাম নামে এক স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার করা হয়। আব্দুল জব্বার মিয়ার ছেলে আরিফুল ইসলাম ভৈরব মুক্তিযোদ্ধা ফয়সল আলম পাঠশালার প্রথম শ্রেণির ছাত্র। পরে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের নিকট থেকে গতকাল সোমবার সকালে একটি মরিচের ক্ষেত থেকে খবির মোল্লা (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে দিঘলকান্দি গ্রামের পুলিশ ক্যাম্প পাড়া এলাকার জিনাই মোল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের ভাই নবীর মোল্লা বাদি হয়ে থানায় মামলা করেছে।