সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের বুথ
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল হামিদ। ব্যাংকের ব্যবস্থাপক তহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানী সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মোজহারুল হক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব এম এ জলিল ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।
টঙ্গীতে বাঁধন হিজড়া সংঘের মতবিনিময়
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা \ গত রবিবার সকালে টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে বাঁধন হিজড়া সংঘের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী অঞ্চলে হিজড়াদের বিভিন্ন আচরণগত পরিবর্তন, সামাজিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে কর্মরত প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হেদায়েতউল্য¬ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিজড়াদের কর্মসংস্থান করে সামাজিকভাবে পুনর্বাসনের মাধ্যমে স্ব-স্ব কর্ম প্রতিষ্ঠানে তাদের অভ্যাসগত আচরণ পরিবর্তনের বিষয়ে আলোচনায় অংশ নেন বাঁধন হিজড়া সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবু সাঈদ, টঙ্গী ডিআইসি ম্যানেজার মোঃ মাসুম আহম্মেদ, হিজড়া কাউন্সিলার জেমসন গমেজ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ কাশেম রানা প্রমুখ।
এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠিত
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত রবিবার বিদ্যাপীঠ এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল বাতেনকে সভাপতি, পরিচালনা পরিষদ সদস্য হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইব্রাহিম হোসেন, অভিভাবক সদস্য আলহাজ্ব আফছারউদ্দিন তালুকদার, মোঃ রেজাউল হক, আবু বক্কার সিদ্দিক (খুশি খান), মাজেম আলী ব্যাপারী এবং আয়শা খাতুন নির্বাচিত হয়েছেন।
নড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘোষিত বিদ্যালয়বিহীন গ্রাম প্রকল্পের আওতায় কালিকা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ডেপুটি স্পীকার শওকত আলী এমপি। বিদ্যালয় সভাপতি মোঃ নুরুল ইসলাম ঢালীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী মিজ মাজেদা শওকত আলী, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বেপারী প্রমুখ।
যশোরে ৩ ফার্মেসিতে ১১ হাজার টাকা জরিমানা
যশোর অফিস \ গত রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যশোরের ৩টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে। এসময় জরিমানার ভয়ে শহরের হাসপাতাল মোড় এলাকার ওষুধ ব্যবসায়ীরা প্রায় একঘণ্টা ফার্মেসি বন্ধ রাখেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল চত্বর ত্যাগ করলে ফার্মেসিগুলো খুলে দেয়া হয়।
চিতলমারীতে ছাত্রলীগের বর্ধিত সভা
নালুয়া (চিতলমারী) সংবাদদাতা \ বিএনপি-জামায়াত জোট ও হেফাজত কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী উপজেলা ছাত্রলীগের কর্মতত্পরতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ছাত্রলীগের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা দেবাশীষ বিশ্বাস, নিলাদ্রী মন্ডল, বড়বাড়িয়া ইউপি ছাত্রলীগ সভাপতি এ্যাড. সজল শিকদার প্রমুখ।
কিশোরগঞ্জে ব্র্যাকের স্কুলশিক্ষক বিতর্ক প্রতিযোগিতা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ব্র্যাকের শিক্ষা কর্মসূচি আয়োজিত আন্তঃস্কুল শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা গত রবিবার সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল: ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ প্রধান হাতিয়ার’। দু’টি পর্বে বিভক্ত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন যথাক্রমে সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী ও ব্র্যাকের রিসোর্স পার্সন এনামুল হক বাবুল। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ও সাংবাদিক সুবীর বসাক।
রামুতে স্বাস্থ্যকর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ
রামু(কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল পদ্ধতিতে রিপোর্টে দক্ষতা অর্জনে ই-হেলথ কর্মসূচি বাস্তবায়নে ২ দিনের কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ গত রবিবার শুরু হয়েছে। এতে রিসোর্স পার্সন হলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আখতারুল ইসলাম, সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. আরিফ হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রহিম ও পরিসংখ্যানবিদ পংকজ পাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সহকারী সুভাষ শর্মা।
মান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের নয়া কমিটি
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় গত রবিবার জাতীয়তাবাদী মহিলা দলের নয়া কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ৮নং কুশুম্বা ইউপির বিএনপির সভাপতি আফাজউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কুশুম্বা ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা নওফেল আলী মন্ডল।
দুলুর মুক্তি দাবিতে লালপুরে মানববন্ধন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে গতকাল সোমবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, গোপালপুর পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, যুবদলের সভাপতি হারুনার রশিদ পাপ্পু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে নারী উন্নয়ন ফোরাম গঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে সমপ্রতি এক সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রংপুর বিভাগের উপ-পরিচালক মিনু শীল। এছাড়াও সভার এডিসি (সার্বিক) ডাঃ মকসেদ আলী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফ্যাসিলিটেটর এবিএম মুসাসহ ৫ উপজেলার নারী উন্নয়ন ফোরামের সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় জেন্ডার সমতা বিষয়ক সভা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ গণমাধ্যমে নারী-পুরুষের সমতা বিষয়ক মতবিনিময় সভা গতকাল সোমবার বেলা বারটায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা বারসিক ও লোকজের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোকজের ব্যবস্থাপক দেবপ্রসাদ সরকার। প্রধান অতিথি ছিলেন, ইউএনও শান্তি মনি চাকমা। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, বিআরডিবি অফিসার আফরুজ্জামান প্রমুখ।
চৌদ্দগ্রামে জামায়াত নেতা হালিম গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার ১১ মামলার আসামি জামায়াত নেতা আবদুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। পুলিশ জানায়, হালিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ৪টিসহ ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে কালীরবাজার এলাকা থেকে গ্রেফতার করে এবং গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
হোসেনপুরে আয় কর মেলা
হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা\ হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাজস্ব আয় বৃদ্ধির জন্য সোমবার ইউনিয়ন পরিষদ মাঠে কর (ট্যাক্স) আদায়ের জন্য কর মেলার আয়োজন করা হয়। কর মেলা উদ্বোধন করেন ইউএনও মো:আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ:কদ্দুছ।
কুমিল্লায় জামায়াত নেতা গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যাসহ প্রায় এক ডজন মামলার আসামি আবদুল হালিম নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সভাপতি। চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাইল মিয়া জানান, গত রবিবার গভীর রাতে উপজেলার কালীবাজার এলাকা থেকে আবদুল হালিমকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ৪টি মামলা, ১টি হত্যা মামলা এবং পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
কাঠালিয়ায় মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটার ক্লাস গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ-এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
পূর্বধলায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গতকাল সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী খাদিজা জামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির প্রমুখ।
মাদারীপুরে নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ
মাদারীপুর প্রতিনিধি \ মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন।
মেহেরপুরে সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি \ গত রবিবার ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং সেভদি চিলড্রেনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান।
রূপগঞ্জে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক ভুলতা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ভুলতা শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
শ্যামনগরে ছাত্রদলের কমিটি গঠন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ ছাত্রদলের শ্যামনগর ১০ নং আটুলিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার অনুষ্ঠিত সম্মেলনে জি.এম হোসেন মাহমুদ জনি সভাপতি, এম.আবুজার গেফারী সাধারণ সম্পাদক ও রাজগুল ইসলাম রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি।
রাণীনগরে আশার স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে আশার ৭টি ব্রাঞ্চে একযোগে আশার মহিলা সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে “কৃমি ও তার প্রতিকার” বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আশার রাণীনগর আঞ্চলিক শাখার ম্যানেজার (আর.এম) আঃ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন আশার নওগাঁ জেলা ম্যানেজার (ডি.এম) মির্জা সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আশার রাণীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন প্রমুখ।
আক্কেলপুর থানায় বিদায়ী সংবর্ধনা
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ গত রবিবার আক্কেলপুর নাগরিক উন্নয়ন ফোরাম আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক ইমদাদুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অধ্যক্ষ আব্দুল আলিম মন্ডল প্রমুখ।
রামগড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও অর্থ প্রদান
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা \ রামগড় পৌরসভার উদ্যোগে গত রবিবার সম্প্রতি পৌর এলাকার বসুন্ধরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি দরিদ্র পরিবারের গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। পৌরসভা ভবনে ঢেউটিন ও নগদ অর্থ সাহায্য বিতরণ করেন পৌর মেয়র মো: শাহজাহান কাজী রিপন। এ সময় পৌর কাউন্সিলর বাদশা মিয়া, বিষ্ণু দত্ত, আহসানউল্ল্যাহ, ফাতেমা বেগম, আনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ
কলমাকান্দা(নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দা উপজেলায় ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক’ এ নিয়ে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিছ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার মহুয়া মমতাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন ও সরকারি বেসরকারি কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
