নিয়ম বহির্ভূতভাবে ড. ইউনূস যে কর অব্যাহতি ও অন্যান্য সুবিধা নিয়েছেন তাতে সরকারেরও দোষ আছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে ড. ইউনূস ট্যাক্স ফ্রি সুবিধাসহ গ্রামীণ ব্যাংকের নামে তার নেতৃত্বাধীন অনেক প্রতিষ্ঠানের জন্য বিধি বহির্ভূতভাবে কর সুবিধা নিয়েছেন। যেগুলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান নয়। তার ১৩টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারের লোক ছিল। তারাও কখনো কিছু বলেনি। গতকাল সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিদেশে গিয়ে ড. ইউনূস যে অর্থ আয় করেছেন তা বৈধ হলেও অনুমতি না নিয়ে তার বিদেশ গমন অবৈধ বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করণীয় নেই। গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, নিয়ম বহির্ভূতভাবে কর অব্যাহতি ও অন্যান্য সুবিধা নেয়ার অভিযোগে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
