বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসিজি বলেছেন, ফেলানী হত্যা মামলায় সে দেশের আদালত যে রায় দিয়েছে সেটি তাদের কোর্টের একটা সিদ্ধান্ত মাত্র। যতক্ষণ পর্যন্ত ডিজি বিএসএফ এটা স্বীকৃতি না দেবে, ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর হবে না। রায়ের ব্যাপারে অফিসিয়ালি কোন স্টেটমেন্ট না পেলে মন্তব্য করা সমীচীন হবে না। গতকাল সোমবার নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এর আগে তিনি বিজিবি কর্তৃক শহরের কুড়িগ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের জন্য নির্মিত বাড়িটি তার স্ত্রী ফজিলাতুন্নেছার কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল পিএসসিজি, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জিল্লুল রহমান পিএসসি, যশোরের ২৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মতিউর রহমান পিএসসি, নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মোঃ রকিবুল বারী, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ বোস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর প্রমুখ।
