পাকিস্তানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট মামনুন হোসাইন গতকাল সোমবার শপথ নিয়েছেন। তিনি পাকিস্তানের ১২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে দীর্ঘ পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে একটানা দায়িত্ব পালন করার পর রবিবার ক্ষমতা ত্যাগ করেন আসিফ আলি জারদারি। গতকাল সন্ধ্যায় পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মামনুনকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্তিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মোহাম্মাদ আলী জিন্নাহ’র আদলে কালো টুপি পরে তিনি শপথ পাঠ করেন। গত ৩০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচিত হন মামনুন। ভারতীয় বংশোদ্ভুত ৭৩ বছর বয়সী মামনুন হোসাইনের জীবনের অধিকাংশ সময় কেটেছে করাচিতে। ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্বকালে করাচি চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৯ সালে নওয়াজ শরিফ তাকে সিন্ধু প্রদেশের গভর্নর নিযুক্ত করেন।