যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প আর কোন পথ নেই। অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণেও অবশ্যই দেশের প্রধান দু’টি রাজনৈতিক দলকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গতকাল সোমবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজীনার স্ত্রী গ্রেস মজীনা, মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় বিএনপি নেতা লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, সাংবাদিক মুন্নি সাহা প্রমুখ।
এর আগে সকাল ১১টায় নরসিংদীর সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্যান মজীনাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ড্যান মজীনা বলেন, বাংলাদেশ এক উজ্জ্বল সম্ভাবনাময় দেশ। এদেশে অফুরন্ত সম্পদ রয়েছে। তেল, গ্যাস ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এদেশের সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রমী। এদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আসাদোজ্জামান, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ। এ সময় ড্যান মজীনা এবং তার স্ত্রীকে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী ও লুঙ্গী উপহার দেয়া হয়।
এর আগে সকাল ৯টায় ড্যান মজীনা নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে স্থাপিত ‘ড্রিম হলিডে পার্ক’ পরিদর্শন করেন। পার্কটির মালিক প্রবীর সাহা, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মজীনা প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম ক্ষেত্র ওয়ারি বটেশ্বরে যান এবং নির্মাণাধীন প্রত্নতাত্ত্বিক যাদুঘর পরিদর্শন করেন।
আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্র পরিদর্শন
আশুগঞ্জ সংবাদদাতা জানান, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার বিকালে দুই দিনের ব্রাহ্মণবাড়িয়া সফরের প্রথম দিনে আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। ভবিষ্যতে এই বিদ্যুত্ কেন্দ্রটি আরো বেশী বিদ্যুত্ উত্পাদন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে তিনি বিদ্যুত্ কেন্দ্রের সম্মেলন কক্ষে কোম্পানীর কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেত্রীর মধ্যে সমঝোতা খুবই জরুরি বলে মন্তব্য করেন।
মার্কিন রাষ্ট্রদূত আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রে অতিথি ভবনে রাত যাপন শেষে আজ মঙ্গলবার সকালে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর, আশুগঞ্জ সার কারখানা ও তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করবেন। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদীর চৌধূরীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। দুপুরে খান ফাউন্ডেশনের নারী উন্নয়ন বিষয়ক সেমিনারে যোগদান শেষে বিকালে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করবেন।
