ইয়াহুতে একের পর এক পরিবর্তন অব্যাহত রয়েছে। এবারে ইয়াহু নিউজে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইয়াহু। ইয়াহু নিউজকে আরও জমজমাট করে তুলতে তারা দ্য নিউইয়র্ক টাইমসের ডেপুটি নিউজ এডিটর মেগান লিবারম্যানকে নিয়োগ দিয়েছে এডিটর-ইন-চিফ হিসেবে। হিলারি ফ্রে ইয়াহু নিউজ থেকে চলতি বছরের শুরুর দিকে চলে যাওয়ার পর থেকেই পদটি খালি ছিল। লিবারম্যানকে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে এসে এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, ইয়াহু নিউজের সম্প্রসারণে লিবারম্যান নেতৃত্ব প্রদান করবেন এবং এতে ভয়েস সার্চসহ বেশকিছু নতুন নতুন ফিচারও যুক্ত হবে। এখন থেকে ইয়াহু নিউজে অরিজিনাল রিপোর্টিং, সোস্যাল নিউজের একত্রীকরণ, ভিডিও এবং লাইভ ইভেন্ট কভারেজের দিকেই বেশি মনোযোগ দেওয়া হবে। ইয়াহু নিউজ অ্যান্ড ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট রবার্টসন ব্যারেট জানিয়েছেন, ‘ইয়াহু নিউজকে নেতৃত্ব দেওয়ার জন্য মেগান অত্যন্ত উপযুক্ত একজন ব্যক্তিত্ব। আশা করি, তিনি ইয়াহু নিউজকে একধাপ এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন।’
