ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার পাঁচ দিনের সফরে হাওয়াই যাচ্ছেন। তিনি হাওয়াই-এর হুনুলুলুতে অনুষ্ঠিতব্য ‘ল্যান্ড ফোর্স অফ দি প্যাসিফিক সিম্পাসিয়াম এন্ড এক্সপোজিশনে (ল্যানপ্যাক ২০১৯) অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
এ সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য হলো ‘এ ফ্রি ও ওপেন ইন্ডো-প্যাসিফিক :উদ্ভাবনী ও আগ্রাসী ভূমি বাহিনী’। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এছাড়া সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন। সেখানে তিনি অন্যতম প্রধান বক্তা হিসেবে ‘এ ভূমি বাহিনী মিত্র ও অংশীদারদের সাথে আন্তঃপ্রণালী বৃদ্ধি করেছে’ বিষয়বস্তুর উপর তার বক্তব্য উপস্থাপন করবেন।
এছাড়া সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারী দেশসমূহের শীর্ষস্থানীয় সামরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং ২২ মে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত্ করবেন।
